অ্যান্ড্রয়েডে নেটফ্লিক্সের পরিবর্তনশীল অডিও কোডেক

২৬ জানুয়ারি, ২০২১ ০০:৪৮  
চলমান মহামারি একদিকে যেমন স্ট্রিমিং প্লাটফর্মগুলোকে একলাফে অনেকদূর এগিয়ে নিয়ে গিয়েছে, তেমনিভাবে কনটেন্ট নির্মাতা প্রতিষ্ঠানগুলোও ঝুঁকছে স্ট্রিমিং প্লাটফর্মে। আর তাই অফার আর ফিচারের পাল্লাতেও পড়েছে প্লাটফর্মগুলো। এরই ধারাবাহিকতায় অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের জন্য নতুন অডিও কোডেক যুক্ত করেছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। এখন থেকে নেটফ্লিক্সের অ্যান্ড্রয়েড অ্যাপ এক্সএইচই-এএসি ফরম্যাটে অডিও কোডেক করে স্ট্রিমিং করবে। ফলে দর্শকরা স্টুডিও মানের অডিও শুনতে পাবেন। এছাড়া নতুন ফরম্যাটটি পরিবর্তনশীল বিটরেটে চলবে। ইন্টারনেট সংযোগের উপর ভিত্তি করে বিটরেট কমবে বা বাড়বে, ঠিক যেমন ইউটিউবে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও রেজ্যুলেশন কমবেশি দেখতে পাই আমরা। এছাড়া থাকছে লাউডনেস ম্যানেজমেন্ট নামক নতুন ফিচার যার মাধ্যমে শব্দ কম-বেশি হলেও সেটি কানে লাগবে না। ফোনের স্পিকারেই স্পষ্ট অডিও শুনতে পারবেন ব্যবহারকারীরা, এমনটাই দাবি নেটফ্লিক্সের। তবে নতুন অডিও ফরম্যাটটি পেদে ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ডিভাইস কমপক্ষে অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমের হতে হবে। ডিবিটেক/বিএমটি